Home Top Ad

loading...

বুরারি রহস্যমৃত্যু: বাবার আত্মা নাকি শরীরে ঢুকে নির্দেশ দিতেন ললিতকে!

Share:

নয়াদিল্লি: বুরারিতে ১১ জনের মৃত্যুর জট যেন কিছুতেই কাটছে না। সুস্থ-স্বাভাবিক অবস্থায় কেউ এমনটা করতে পারে, ভাবাই যায় না। তদন্তে একের পর এক তথ্য সামনে আনছে পুলিশ। ভাটি পরিবারের ডায়রি থেকে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

বছর দশেক আগে মৃত্যু হয় বাবার। আর সেটা যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না ভাটিয়া পরিবারের ছেলে ললিত। প্রায়শই নাকি তিনি বাবার ছবির সঙ্গে কথা বলতেন। তাঁদের অনেক আত্মীয় বলছেন, ললিত নাকি তাঁদেরকে বলেছিলেন যে তাঁর শরীরে ঢুকে পড়ে তাঁর বাবার আত্মা আর তাঁকে দিয়ে নানা রকম কাজ করায়। মৃত বাবার স্বপ্নাদেশ পেয়েই কি ললিত এমন কাজ করেছেন? সেরকমটাও সন্দেহ করছে পুলিশ।

রবিবার ৭৭ বছরের নারায়ণী দেবী-সহ দিল্লির ভাটিয়া পরিবারের ১১ জনের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের পাশে একটি ডায়রিও উদ্ধার হয়। প্রতি পাতায় রহস্যে মোড়া সেই ডায়েরি থেকেই এইসব তথ্য জানতে পেরেছে পুলিশ।

মোক্ষ লাভের উদ্দেশ্যে ললিতই পরিবারকে এই পথ বেছে নেওয়ার দাওয়াই দিয়েছেন, তদন্তের শুরু থেকে এমন অনুমান করছিল পুলিশ। ডায়েরির ওই পাতাগুলো সামনে আসতে সেই অনুমানই আরও দৃঢ় হল।

পুলিশ জানিয়েছে, ললিতের বাবা গোপাল দাস ভাটিয়া সেনাকর্মী ছিলেন। ঘোড়া থেকে পড়ে গিয়ে তাঁর পায়ে লাগে, ফলে ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়েছিলেন তিনি। ২০০৮-এ তাঁর মৃত্যু হয়। কিন্তু ললিত তা মানতে চাইতেন না। বাবার ছবির সঙ্গে নিয়মিত কথাও বলতেন তিনি। সেই বিশ্বাস ধীরে ধীরে পরিবারের মধ্যেও ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন ললিত। পরিবারের বিশ্বাস ফেরাতে খুব সুবিধা হয়েছিল যখন এক দুর্ঘটনায় বাকশক্তি হারিয়ে ফেলা ললিত পুনরায় কথা বলতে শুরু করেন। বাবাই নাকি এই অসাধ্যসাধন করেছেন, পরিবারকে বুঝিয়েছিলেন তিনি। বাবা নাকি মাঝেমধ্যেই স্বপ্নাদেশ দিতেন, এমনটাও একাধিকবার বলতে শোনা গিয়েছে তাঁকে।

অন্যদিকে, পুলিশের অনুমান কোনও এক তান্ত্রিকের কথাতেও এমন পথ বেছে নিয়ে থাকতে পারে পরিবার। গাদা বাবা নামে এক তান্ত্রিকের সঙ্গে ভাটিয়ার পরিবারের সম্পর্কের প্রমাণ সামনে এসেছে। পুলিশের দাবি, ওই তান্ত্রিকই দিনের পর দিন ব্রেনওয়াশ করেছিল পরিবারের সদস্যদের। বটগাছ নিয়ে কোনও এক অলৌকিক বিশ্বাস ছিল তাদের।তারা বিশ্বাস করত, দেহগুলিকে বটের ঝুরির মত ঝুলিয়ে দিতে হবে। তাতেই নাকি খুশি হবেন দেবতা। আর ঠিক সেভাবেই ঝোলানো ছিল দেহগুলো।

The post বুরারি রহস্যমৃত্যু: বাবার আত্মা নাকি শরীরে ঢুকে নির্দেশ দিতেন ললিতকে! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2z7DY9j

No comments