দেবময় ঘোষ, কলকাতা: প্রাক্তণ উপাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১৮ তম জন্মদিবসে শ্রদ্ধা জানাতে ‘বহিরাগত’দের ঢুকতে দেবে না কলকাতা বিশ্ববিদ্যালয়৷ বুধবার বিশ্ববিদ্যালয়ের সেনেট হাউসের তরফ থেকে জানানো হয়েছে, কর্মচারী এবং ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় চত্ত্বরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সম্মান জানাতে পারবেন৷ কিন্তু বহিরাগতদের প্রবেশ নিষেধ৷
চিঠি হাতে পেয়ে সরকারি কর্মচারী পরিষদ ও পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদের বক্তব্য, ওই ‘বহিরাগত’ আর কেউ নয়, বিজেপি নেতা মুকুল রায় এবং সায়ন্তন বসু৷ যখন অনুষ্ঠান করার অনুমতি রয়েছে, তখন কোন অতিথি আসবে, তা উদ্যোক্তাদের ওপরই ছেড়ে দেওয়া উচিত৷

উদ্যোক্তাদের আরও বক্তব্য, একসময় তাঁরা যখন তৃণমূল কংগ্রেস প্রভাবিত কর্মী সংগঠনের সদস্য হিসেবে মুকুল রায়কে বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে আমন্ত্রণ জানাতেন, কর্তৃপক্ষের কোনও অসুবিধা হতো না৷ কিন্তু আজ তিনি বিজেপি নেতা হিসেবে আসবেন বলেই যত বিপত্তি৷ মুকুলকে আটকেতেই ডেপুটি রেজিস্ট্রার ড. শান্তনু পাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কর্মচারী পরিষদকে পালটা চিঠি পাঠিয়ে ‘বহিরাগত’ প্রসঙ্গে সতর্ক করেছেন৷
কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কর্মচারী পরিষদের সম্পাদক জানান, ‘‘আমরা বিষয়টি জানার পর উপাচার্য সোনালী চক্রবর্তী, সহ উপাচার্য দীপক করের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম৷ কিন্তু ওরা আমাদের সঙ্গে দেখা করেনি৷ ডেপুটি রেজিস্ট্রার ড. শান্তনু পালকে আমরা বহিরাগত বিষয়টি ব্যাখ্যা করতে বলেছিলাম৷ তিনি আমদের প্রশ্নের জবাব দেননি৷’’
প্রসঙ্গত উল্লেখযোগ্য, শুক্রবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান বক্তা মুকুল রায়৷ উপস্থিত থাকার কথা বেশ কয়েকজন রাজ্য বিজেপি নেতার৷ সরকারি কর্মচারী পরিষদের আহ্বায়ক দেবাশিস শীল বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের এই ভোল বদল পূর্ব পরিকল্পিত ছিল৷’
The post শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে বিশ্ববিদ্যালয়ে ‘না’ মুকুল appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KO1Fbe
No comments