পাটনা: ‘বংশপরম্পরা’ মেনে এবার রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেন ঐশ্বর্য রাই৷ রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান লালুপ্রসাদ যাদবের পুত্রবধূ তিনি৷ গত মে মাসেই ধুমধাম করে লালুপ্রসাদের ছেলে তেজ প্রতাপের সঙ্গে বিয়ে হয়েছে বছর পঁচিশের ঐশ্বর্যর৷ বিয়ের পর দু’মাসের মধ্যেই ঐশ্বর্যর রাজনীতিতে পা রাখার খবরে রীতিমত শোরগোল ফেলে দিয়েছে বিহারের বিভিন্ন রাজনৈতিক মহলে৷

ছোট থেকেই রাজনীতির সঙ্গে পরিচিতি রয়েছে লালু-পুত্রবধূর৷ ছ’বারের বিধায়ক ও প্রাক্তনমন্ত্রী চন্দ্রিকা রাইয়ের বড় মেয়ে ঐশ্বর্য৷ বিহারের একসময়ের মুখ্যমন্ত্রী দারোগাপ্রসাদ রাইয়ের নাতনি তিনি৷ সঙ্গে আবার লালুপ্রসাদ-রাবড়িদেবীর ছেলের বউ৷ তাঁর রাজনীতিতে আসাটা যে একপ্রকার অবসম্ভাবী তা অবশ্য আরজেডি কেন বিরোধী শিবিরও ভালোই বুঝেছিল৷ কিন্তু এত তাড়াতাড়ি যে সেই সময় চলে আসবে তা অনুমান করা যায়নি৷

বৃহস্পতিবার আরজেডির ২২তম প্রতিষ্ঠাদিবস৷ বুধবার থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় লালুপ্রসাদ, রাবড়িদেবীর পোস্টার, ব্যানারে ছয়লাপ৷ সেখানেই চমক হিসাবে ছিল ঐশ্বর্যর ছবিও৷ আর তা থেকেই ছাই চাপা জল্পনা আরও খানিকটা উষ্কে পড়ে৷ এরইমধ্যে আরজেডির মুখপাত্র শক্তি যাদব জানান, রাজনীতির জন্য ঐশ্বর্য একদম যোগ্য৷

মনে করা হচ্ছে আগামী লোকসভা ভোটে ঐশ্বর্যকে তুরুপের তাস করতে চলেছে আরজেডি৷ আর সেক্ষেত্রে তাৎপর্যপূর্ণ শরণ লোকসভাকেন্দ্র থেকে ভোটে দাঁড়াতে পারেন যাদববংশের নববধূ৷ এই লোকসভাকেন্দ্রেরই পারসা বিধানসভাকেন্দ্রের দায়িত্ব একসময় সামলেছেন চন্দ্রিকা রাই, ঐশ্বর্যর বাবা৷ এবার বাপের বাড়ি ও শ্বশুরবাড়ির দেখানো পথেই হাঁটতে চলেছেন তেজ-পত্নী ঐশ্বর্য৷ আরজেডির তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা এখন শুধুই সময়ের অপেক্ষা৷
The post রাজনীতিতে আসছেন ঐশ্বর্য রাই appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2u8Pv2r
No comments