স্টাফ রিপোর্টার, মালদহ: ফের তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে মালদহ ভুতনি থানার উত্তর চন্ডিপুর এলাকায়৷ আহত তৃণমূল কর্মীর নাম বিফল মন্ডল৷ অভিযুক্ত দুই বিজেপি কর্মীর নাম সুভাষ ঘোষ ও কৃষ্ণ ঘোষ৷
জানা গিয়েছে, এবারের পঞ্চায়েত ভোটে এই এলাকায় বিজেপির দুই নেতা সুভাষ ঘোষ ও কৃষ্ণ ঘোষ জয়লাভ করে৷ এরপর থেকেই ওই এলাকারই তৃণমূল নেতা বিফল মন্ডলকে চাপ দিতে শুরু করে বিজেপিতে যোগদান করার জন্য৷ এমনকি তাঁকে এবং তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকিও দেয়৷
এরপরই মঙ্গলবার বিফল বাবু জমি থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে তাঁকে একা পেয়ে হাঁসুয়া দিয়ে মাথায় কোপ মারে অভিযুক্ত দুই বিজেপি নেতা৷ তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এলে দুই অভিযুক্ত সুভাষ ঘোষ ও কৃষ্ণ ঘোষ পালিয়ে যায়৷ তারপর এলাকাবাসীরা বিফল বাবুকে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতাল নিয়ে যায়৷ পরে সেখানে চিকিৎসকরা তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে৷ তিনি সেখানেই চিকিৎসাধীন৷ চিকিৎসকরা জানিয়েছেন, বিফলবাবুর মাথায় ও পিঠে হাঁসুয়ার কোপের দাগ রয়েছে৷
ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ভুতনি থানায়। ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছে অভিযুক্তরা। তদন্ত শুরু করেছে ভুতনি থানার পুলিশ।
জেলা তৃণমূলের কার্যকারী সভাপতি দুলাল সরকার বলেছেন, ‘‘বিজেপি জেলা জুড়ে সন্ত্রাস করছে৷ নিজেদের আধিপত্য বিস্তারের জন্য একের পর এক তৃণমূল কর্মীদের উপর হামলা চালাচ্ছে৷ আমাদের দলের কর্মীদের শান্ত থাকতে বলেছি৷ তাঁরা যেন বিজেপির মত কোনও ভুল কাজ করে না ফেলে৷’’
বিজেপির সাধারণ সম্পাদক মানবেন্দ্র চক্রবর্তী এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘‘বিজেপি কোনও সন্ত্রাস করছে না৷ কে বা কারা সন্ত্রাস করছে তা পঞ্চায়েত ভোটের সময় পরিষ্কার দেখা গিয়েছে৷ এই ঘটনা কোনও রাজনৈতিক বিবাদের জেরে নয়৷ তৃণমূলের নিজেদের দলের ঝামেলার ফলে এই মারধর ঘটনা৷ আমাদের দলের উপর আনা এই অভিযোগ পুরো ভিত্তিহীন৷’’
The post তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tW3t8u
No comments