দেবযানী সরকার, কলকাতা: দলবদলের খেলায় মুর্শিদাবাদের পর মালদহকে টার্গেট করেছিলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর সেই টার্গেট সফল হতে চলেছে৷ সবকিছু ঠিকঠাক থাকলে একুশে জুলাই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন মালদহের মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন৷
কয়েকদিন আগেই মালদহে কংগ্রেসের ঘর ভাঙার ইঙ্গিত দিয়েছিলেন জেলার তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী৷ তারপরই গণিখানের পরিবারের দুই সংসদ সদস্য সাংসদ মৌসম নূর ও আবু হাসেম খান চৌধুরীর তৃণমূলে যোগদান ঘিরে জল্পনা শুরু হয়৷ তবে দুজনেই সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন৷ তবে সূত্রের খবর বলছে, প্রয়াত গণিখান চৌধুরীর গড়ে কংগ্রেসের ঘর ভাঙছে৷ ২১ জুলাই ধর্মতলার মঞ্চে সাবিনা ইয়াসমিন তৃণমূলের ঝান্ডা হাতে নিতে চলেছেন৷
একসময় মালদহ জেলা পরিষদের সভাপতি ছিলেন সাবিনা৷ তারপর ২০১১ সালে কংগ্রস-তৃণমূল জোট সরকারের মন্ত্রীও ছিলেন তিনি৷ উল্লেখ্য, স্বাধীনতার পর প্রথম মুসলিম মহিলা মন্ত্রী ছিলেন তিনি৷ তৃণমূলে যোগদানের বিষয়টি সরাসরি স্বীকার না করলেও উড়িয়ে দেননি সাবিনা৷ তাঁর বক্তব্য, ৬ তারিখ আমাদের রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার কথা৷ দিল্লি থেকে ফিরে এসেই যা বলার বলব৷
এবার পঞ্চায়েত নির্বাচনে মালদহে তৃণমূল ভাল ফল করেছে৷ বিজেপিও নিজেদের শক্তি বাড়িয়েছে৷ তাই সাবিনা ইয়াসমিন তৃণমূলে যোগ দিলে লোকসভা নির্বাচনের আগে এটা কংগ্রেসের কাছে বড় ধাক্কা হবে বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা৷
The post তৃণমূলে এবার মালদহের কংগ্রেস হেভিওয়েট appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2zav4bd
No comments