কলকাতাঃ সরকারি দফতরের খরচ কমানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সেই নির্দেশ পেয়ে ইতিমধ্যে ১৫ দফা নির্দেশিকা জারি করা হয়েছে সরকারের তরফে। সরকারি স্তরে টাকা খরচের ক্ষেত্রে কড়া সিদ্ধান্ত নবান্নের।
শুধু সরকারি দফতর নয়, পুরসভা, পঞ্চায়েত, সরকার অধীনস্থ সংস্থা, বিভিন্ন নিগমেও ব্যয় সঙ্কোচের নির্দেশ দেওয়া হল। একই সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার বেলা একটায় নবান্ন সভাঘরে সব দফতরের প্রধান সচিব ও মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কোন কোন ক্ষেত্রে টাকা খরচ আরও কমানো যায়, সে সম্পর্কে আলোচনা হবে এবং মুখ্যমন্ত্রী নির্দেশ দেবেন বলে বলে জানা গিয়েছে।
মুখ্যসচিবের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি সভা, সম্মেলন বা সেমিনার সরকারি জায়গায় (সরকারি অডিটোরিয়াম) করতে হবে। কোনও হোটেল বা ব্যক্তিগত জায়গায় মিটিং, কনফারেন্স বা সেমিনার করতে হলে মুখ্যসচিবের অনুমোদন নিতে হবে। কোনও দফতর অফিস রুম, গেস্ট হাউস সৌন্দর্যায়নের জন্য সারা বছরে সর্বাধিক পাঁচ লক্ষ টাকা খরচ করতে পারবে। এর চেয়ে বেশি খরচ করতে অর্থ দফতরের অনুমোদন নিতে হবে। মিটিং বা সম্মেলনস্থল সাধারণ ভাবে সাজাতে হবে। চোখে পড়ার মতো ‘ডেকরেশন’ যেন না হয়।
রাজ্যের বাইরে থেকে আসা অতিথি বাদে কোনও প্রতিনিধি বা অতিথিকে ফুলের স্তবক দেওয়া বন্ধ করতে হবে। মিটিংয়ে সামান্য লাঞ্চ প্যাকেট বা সাধারণ ফুড প্যাকেট করতে হবে। টিফিনের খরচও কমাতে হবে। উল্লেখ্য, সরকারি নানা অনুষ্ঠানে ফুল ও খাবারদাবারের ভালো খরচ হয়।
সরকারি দপ্তর, পুরসভা, পঞ্চায়েত, নিগম ও সরকার অধীনস্থ সংস্থায় এলাহি আয়োজন করা যাবে না। একমাত্র মুখ্যসচিবের অনুমতিক্রমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনুষ্ঠানে ছাড় দেওয়া হবে। কোনও মূল্যবান উপহার বা স্মারক দেওয়া যাবে না। শুধুমাত্র সাধারণ ব্যাগ, লেখার প্যাড ও পেন দেওয়া যাবে। রাজ্য প্রশাসনিক ভবনে নিয়মিত বৈঠক করার জন্য জেলা থেকে অফিসারদের না ডেকে পরিবর্তে ভিডিও কনফারেন্স করতে হবে। আসা-যাওয়ার খরচ নিয়ন্ত্রণ করতে হবে।
অর্থদপ্তরের অনুমতি ছাড়া নতুন কোনও গাড়ি কেনা বা ভাড়া নেওয়া যাবে না। একমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। গাড়ির তেল খরচের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গাড়ির পিছনে বহু টাকা খরচ হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
সরকারি দপ্তর, পুরসভা, পঞ্চায়েত, নিগম, অধীনস্থ সংস্থায় কর্মী নিয়োগের জন্য পদসৃষ্টির ক্ষেত্রে আগাম নিরীক্ষা করা হবে। সেই নিরীক্ষা করবে মুখ্যসচিবের নেতৃত্বাধীন কমিটি। তারপর তা অর্থ দফতরের অনুমোদন নিয়ে রাজ্য মন্ত্রিসভার কাছে পেশ করতে হবে। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী বলেছেন, দেখা যাচ্ছে, অনেক দফতরে এই মুহূর্তে ২০০ জন দরকার, অথচ নিয়োগ করা হচ্ছে ৬০০ জন। বাড়তি নিয়োগ বন্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখ্যসচিবের নেতৃত্বাধীন কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। সূত্র-বাংলা এক সংবাদমাধ্যম।
The post সরকারের বিভিন্ন দফতরে নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত মমতার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IP3BeN
No comments