স্টাফ রিপোর্টার, কলকাতাঃ দুজনেই তৃণমূল নেতা৷ দুজনেই বিধায়ক৷ এই দুই বিধায়কের বিধানসভা কেন্দ্রও পাশাপাশি। কিন্তু সম্পর্কের বনিবনা একেবারেই নেই দুজনের মধ্যে৷ বিভিন্ন ইস্যুতে প্রায়ই ঝামেলা হয়ে থাকে এই দুই বিধায়কের মধ্যে৷ একজন মানিকতলার বিধায়ক মন্ত্রী সাধন পাণ্ডে৷ অন্যজন বেলেঘাটার বিধায়ক পরেশ পাল৷ আর একই দলের এই দুই নেতার ঝামেলায় ফের একবার বেআব্রু হয়ে পড়ল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব৷
এবারের ইস্যু একটু আলাদা৷ কাঁকুড়গাছিতে এক পাঁচিল নির্মাণকে কেন্দ্র করে ঝামেলায় জড়িয়ে পড়ে দুই বিধায়ক৷ আর তাতেই বিপত্তি৷ দুপক্ষই দুজনের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগে সরব হয়েছে৷
কীসের পাঁচিল? স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কলকাতা পুরসভার নতুন প্রকল্প ‘ওয়াল অফ ফেম’৷ আর তার জন্যই নাকি দোকানের সামনে ১২ ফুট দেওয়াল তুলে দেওয়া হচ্ছে৷ আর তাতে বেজায় ক্ষুব্ধ দোকানদাররা৷ দোকানিদের বক্তব্য, ‘‘দোকানের সামনে ১২ ফুট দেওয়াল উঠলে দোকান ঢেকে যাবে৷ ব্যবসায় ক্ষতি হবে৷’’ আর এই নিয়েই মূল কাজিয়া দুই বিধায়কের৷

তবে এটা শুধু কাঁকুড়গাছিতেই নয়, হাতিবাগান থেকে চৌরঙ্গি, পার্কস্ট্রিট কলকাতার বিভিন্ন জায়গায় এই ‘ওয়াল অফ ফেম’ করা হচ্ছে৷ যদিও মানিকতলার বিধায়কের তরফে জানানো হয়েছে, ‘‘কলকাতা পুরসভা এমন কোনও প্রকল্পে কাজ শুরু করেনি৷ এটা বেলেঘাটার বিধায়ক পরেশ পালের মস্তিষ্ক প্রসূত’’
মন্ত্রী সাধন পাণ্ডে এবিষয়ে আরও অভিযোগ, ‘‘প্রথমত অন্যের বিধানসভা কেন্দ্রে সৌন্দর্যায়নের নামে সমস্যা তৈরির চেষ্টা করা হচ্ছে৷ আর দোকানের সামনে এতবড় পাঁচিল উঠলে সমস্যায় পড়বে ব্যবসায়ীরা৷ তাতে লোকসান আমাদেরই৷ এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে জানিয়েছি৷ আশা করছি তিনি ব্যবস্থা নেবেন’’ অপরপক্ষে পরেশ পাল জানিয়েছেন‘‘ এতে ব্যবসায়ীদের পূর্ণ সায় রয়েছে৷ ব্যবসায়ী সমিতির তরফে মুচলেকা দিয়ে জানানো হয়েছে তাদের সায়ের কথা৷’’
এমনও অভিযোগ করা হয়েছে মন্ত্রীর তরফে, বুধবার পরেশ পাল তাঁর দলবল নিয়ে ব্যবসায়ীদের হুমকি দিয়ে আসেন যাতে পাঁচিল তৈরিতে কোনও বাঁধার সৃষ্টি না হয়৷ যদিও সে অভিযোগ খারিজ করেছেন বিধায়ক৷ তাঁর দাবি, ‘‘আমি দীর্ঘদিন ওই এলাকায় কাটিয়েছি৷ আমার গণতান্ত্রিক অধিকার মানুষের পাশে থাকার৷ তাই গিয়েছিলাম’’
দুতরফের এই বাদানুবাদে স্পষ্ট তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব৷ তবে বর্তমান এই পরিস্থিতে পাঁচিলের কাজ বন্ধ হবে কিনা তা স্পষ্ট নয় ঠিকই৷ কিন্তু দোকানিদের সমস্যার থেকেও যে পাঁচিল নিয়ে দুজনের ইগোর সমস্যাই বড়ো হয়ে উঠেছে তা ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে রাজনৈতিক মহলে৷
The post পরেশ সাধনের কাজিয়া, ফের একবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MOODYG
No comments