স্টাফ রিপোর্টার, শ্রীনগর: মঙ্গলবারের দুর্ঘটনার পরে বুধবারে বন্ধ রয়েছে অমরনাথ যাত্রা৷ বালতাল ও পহেলগাঁও বেসক্যাম্প থেকে নতুন কোনও যাত্রীদলকে আর অমরনাথের উদ্দেশে আপাতত যেতে দেওয়া হচ্ছে না৷
যারা ইতিমধ্যেই রাস্তায় রয়েছেন, তাদের সাহায্যের জন্য নামানো হয়েছে সেনা৷ অতি সতর্কতার সাথে রাস্তা পেরোচ্ছেন তাঁরা৷
মঙ্গলবার বালতাল যাওয়ার পথে ব্রারিমার্গে বিরাট ধস নামে৷ মৃত্যু হয় পাঁচজনের৷ আহত তিনজন৷ আহতদের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ মঙ্গলবার সন্ধ্যে ছ’টা নাগাদ আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে পড়ে৷ শুরু হয় প্রবল বৃষ্টি৷ তার জেরেই বালতালের চারটি জায়গায় ধস নামে৷ এরমধ্যে তিনটি ধস বালতাল ক্যাম্প এলাকাতেই হয়৷ কিন্তু সেখানে হতাহতের কোনও খবর মেলেনি৷
তবে অমরনাথযাত্রীদের পায়ে হেঁটে যাওয়ার পথ রেল পথরিতে একটি ভয়াবহ ধস নামে৷ উপর থেকে মাটি ও পাথর ধসে পড়তে শুরু করে হঠাৎই৷ সেই মাটির নিচেই চাপা পড়ে যান বহু অমরনাথযাত্রী৷ সেনা ও এনডিআরএফ-এর যৌথ অভিযানে মাটি চাপা পড়া যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়৷
কিন্তু সংবাদসংস্থা এএনআইয়ের খবর, পাঁচজনকে বাঁচানো সম্ভব হয়নি৷ এরমধ্যে দু’জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই৷ বাকি তিনজন প্রাথমিক চিকিৎসার সুযোগটুকু দিয়েছিলেন৷ কিন্তু কিছুক্ষণের মধ্যে তাঁদেরও মৃত্যু হয়৷ আরও তিনজনের চিকিৎসা চলছে৷
এছাড়াও তিনটি পৃথক ঘটনায় এদিন আরও তিন অমরনাথযাত্রী মৃত্যুর ঘটনা ঘটে৷ খারাপ আবহাওয়ার জন্য গত শনিবার অমরনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছিল৷ তিনদিন পর মঙ্গলবারই আবহাওয়ার বদল হওয়ায় ফের যাত্রা শুরু হয়৷ কিন্তু বিকেলের পর হঠাৎই ভয়ঙ্কর হয়ে ওঠে প্রকৃতি৷
উল্লেখ্য, এর আগে ওই রুটেই অমরনাথ যাত্রার পথে মৃত্যু হয় ৩ যাত্রীর। এদের ২ জন অন্ধ্রের। আহত আরও ৩। সবে মিলিয়ে এখনও পর্যন্ত বিভিন্ন কারণে মৃত্যু হল মোট ১১ তীর্থযাত্রীর।
ঘটনার পরই ট্যুইট করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি লেখেন, ‘ভূমিধসে আমরনাথ যাত্রীর মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা।’
প্রসঙ্গত, এবছর অমরনাথ যাত্রা শুরু হয় ২৭ জুন। তবে প্রবল বর্ষণের জন্য বালতাল বেসক্যাম্পে একদিন আটকে যান তীর্থযাত্রীরা। প্রায় ২ লক্ষ মানুষ অমরনাথ যাত্র করছেন এবার। যাত্রা শেষ হচ্ছে ২৬ অগাস্ট রাখী পূর্ণিমার দিন।
The post পাঁচ যাত্রীর মৃত্যুর পর বন্ধ অমরনাথের দুটি রুট appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KxyhH9
No comments