Home Top Ad

loading...

প্রাণনাশের হুমকি উসকে দিল এস্কোবারের স্মৃতি

Share:

মস্কো: ইংল্যান্ডের কাছে শেষ ষোলোর লড়াই হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে কলম্বিয়া৷ মঙ্গলবার ইংল্যান্ড বনাম কলম্বিয়া ম্যাচটির মীমাংসা হয় পেনাল্টি শুট-আউটে৷ কলম্বিয়ার পক্ষে দু’টি পেনাল্টিটি মিস করেন উরিবে এবং কার্লোস বাকা৷ ৩-৪ ব্যবধানে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড৷ ম্যাচ শেষ হওয়ার পর পেনাল্টি মিস করার জন্য কলম্বিয়ান সমর্থকদের কাছ থেকে সোশ্যাল মিডিয়াতে প্রাণনাশের হুমকি পেয়েছেন দুই কলম্বিয়ান ফুটবলার৷

টাইব্রেকারে ইংল্যান্ডের হয়ে প্রথম গোলটি করেন অধিনায়ক কেন৷ দ্বিতীয় শট বিপক্ষের জালে জড়িয়ে দেন র‌্যাশফোর্ডও৷ ইংল্যান্ডের হয়ে হেনডারসনের শট বাঁ-দিকে ড্রাইভ দিয়ে বাঁচিয়ে দেন কলম্বিয়ার গোলরক্ষক৷ এরপর কলম্বিয়ার উরিবে শট নিতে এসে বল গোলপোস্টে মারেন৷ ট্রাইপার ইংল্যান্ডের চার নম্বর সুযোগটিকে গোলে পরিবর্তিত করেন৷ এরপর কার্লোসের শট আটকে দেন ইংল্যান্ডের গোলরক্ষক৷ শেষমেশ ইংল্যান্ডকে শেষ আটে তোলেন ডায়ার৷

এরপরই সোশ্যাল মিডিয়াতে রাগে ফুঁসে ওঠেন কলম্বিয়ান সমর্থকরা৷ এক কলম্বিয়ান ফ্যান টুইটারে লিখেছেন, ‘কার্লোসকে স্ত্রী ও বাচ্চা সমেত মেরে ফেলা হোক৷’

আর এক কলম্বিয়ান ফুটবল ফ্যান লেখেন, ‘ এরা কি এস্কোবারের কথা ভুলে গিয়েছে৷’ এরকম প্রচুর প্রাণনাশের হুমকিতে টুইটার ভরে উঠেছে৷

টুইটারে এই হুমকি এস্কোবারের স্মৃতি উসকে দিল৷ বিশ্বকাপে নিজেদের গোলে বল জড়ানোর জন্য প্রাণ দিতে হয়েছে এস্কোবারকে৷ বিশ্বকাপ শেষে দেশের ফেরার পর ১৯৯৪ সালের ২ জুলাই সমর্থকদের হাতে খুন হন এই কলম্বিয়ান ফুটবলার৷ কলম্বিয়ার মেডেলিন শহরে প্রকাশ্যেই ৬টি গুলি করা হয়েছিল কলম্বিয়ান ডিফেন্ডার আন্দ্রে এস্কোবারকে। লুটিয়ে পড়েছিলেন বিশ্বকাপার৷

১৯৯৪ মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের আসরে গ্রুপ লিগ থেকে উঠে পরবর্তী পর্বের জন্য লড়াই করতে তৈরি ছিল কলম্বিয়া৷ প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র৷ ঘরের মাটিতে অবশ্য শক্তিশালী ছিল মার্কিনিরা৷ খেলা শুরু হতেই কলম্বিয়ার আক্রমণ শুরু হয়৷ প্রতি আক্রমণ করে ইউএসএ৷ ম্যাচের বল দখলের লড়াই তারিয়ে উপভোগ করছিলেন দর্শকরা৷ এমন সময় ছন্দপতন৷ খেলার তখন ৩৩ মিনিট পার হয়েছে৷ মার্কিন ফুটবলারদের আক্রমণ রুখতে গিয়েই আত্মঘাতী গোলটি করে ফেললেন এস্কোবার৷

সেই মুহূর্তে গ্যালারির জুড়ে উল্লাস মার্কিনিদের৷ ক্ষোভে ফেটে পড়েন কলম্বিয়ান সমর্থকরা৷ শেষে কিনা ক্যাপ্টেনই ধসিয়ে দিল সব৷ হতাশা কাটিয়ে মাটি থেকে উঠে দাঁড়ালেন এস্কোবার৷ হলুদ জার্সির উজ্জ্বল কলম্বিয়ান তারকা তখন যেন লজ্জায় কুঁকড়ে যাচ্ছেন৷ সতীর্থরা ছুটে এলেন৷ তাঁকে সান্ত্বনা জানাতে৷ শুরু হল পিছিয়ে থেকে কলম্বিয়ার নতুন লড়াই৷ তীব্র আক্রমণ আছড়ে পড়ছিল ইউএসএ গোল বক্সে৷ কিন্তু গোল হচ্ছিল না৷ সেদিন ফুটবলভাগ্য ভর করেছিল মার্কিনিদের উপরেই৷ ম্যাচটি ২-১ গোলে জিতে নেয় ইউএসএ৷ বিশ্বকাপ থেকে বিদায় নেয় কলম্বিয়া৷ দেশের ফেরার দিন দশেক পরে একটি বারে বসেছিলেন এস্কোবার৷ সেই সময় তাঁকে লক্ষ্য করে পরপর গুলি করা হয়৷ মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এস্কোবারকে গুলি করার সময় সেই লোকটা ‘গোল’ বলে চেঁচিয়ে উঠেছিল৷ নিশ্চিন্তে খুন করে আততায়ী একটি গাড়িতে করে পালায়৷ এই ঘটনা ফুটবলের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নত হয়ে রয়েছে৷

The post প্রাণনাশের হুমকি উসকে দিল এস্কোবারের স্মৃতি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KLwWvM

No comments