এলাহাবাদ: কুম্ভ মেলার জন্য রাস্তা চওড়া করছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। আর তার সুবিধার্থে মসজিদের একাংশই ভেঙে দিল মুসলিমরা। এভাবেই কার্যত সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়লেন এলাহাবাদের মুসলমান সম্প্রদায়ের একাংশ।
আসন্ন কুম্ভ মেলায় ভিড় করবেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। আর তার জন্যই বহু রাস্তা চওড়া করা হয়। বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পও চলবে উত্তরপ্রদেশে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, ধর্মীয় প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে নতুন তৈরি হতে চলা পথ জুড়ে। ফলে তা ভাঙতে হয়। এই মসজিদের ক্ষেত্রেও ঘটে একই ঘটনা। ওই মসজিদের কিছুটা অংশ ছিল সরকারি জায়গার উপর। সেটাই ভেঙে দেওয়া হয়েছে।
যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি না বিঘ্নিত হয় সে দিকে লক্ষ্য রেখে এলাহাবাদ উন্নয়ন পর্ষদের আধিকারিকরা একাধিক বৈঠক করেন স্থানীয় মানুষের সঙ্গে, তাঁদের বোঝান। এরপর মসজিদের দায়িত্বে থাকা ব্যক্তিরা নিজেরাই ভেঙে দিয়েছেন রাস্তার ওপর এসে পড়া অতিরিক্ত অংশটি, ফলে সহজেই হতে পারছে কুম্ভের জন্য রাস্তা সম্প্রসারণের কাজ।
২০১৯-এর ১৫ জানুয়ারি শুরু করে কুম্ভ মেলা। মকরসংক্রান্তিতে শাহি স্নান দিয়ে শুরু হবে মেলা। ৪৯ দিন ধরে চলবে সেই উৎসব। আর তার জন্যই বড়সড় পরিকল্পনা নিয়েছে যোগী সরকার।
The post কুম্ভ মেলার জন্য মসজিদের একাংশ ভেঙে নজির গড়লেন মুসলিমরা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tUmh8f
No comments